গতকাল বুধবার রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস বিতরণ পাইপলাইন অপসারণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এর ফলে প্রায় ৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডেমরার মেন্দিপুর ও আমুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উল্লেখ্য, সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারী থেকে এ অভিযান শুরু হয়েছে। গত ৬ মে পর্যন্ত সারাদেশে প্রায় ৭৮ হাজার ১শ’ ২০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এরমধ্যে গত ৬ মে নরসিংদীর শিবপুর এলাকায় কোম্পানির পরিদর্শন টীম ২” ব্যাসের ৪০০ ফুট, জিনজিরার ঘাটারচর এলাকায় ১” ব্যাসের ২২৫ ফুট ও ২” ব্যাসের ২৫০ ফুট, জিনজিরার ঘাটারচরের ভার্কুতা এলাকায় ২” ব্যাসের ২৮০ ফুট, ১” ব্যাসের ২৬৫ ফুট, ৩/৪” ব্যাসের ১৫০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় শুভুল্লা ও গোড়াইল রেল স্টেশন এলাকায় ২” ব্যাসের ৯৫০ ফুট ও কুমরজানী রোড এলাকায় ১” ব্যাসের ১০০ ফুট গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এছাড়া গত ৫ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজধানীর কড়াইল বস্তিতে নেয়া অবৈধ সংযোগের ১০টি সোর্স পয়েন্ট কিলিংসহ ১/২” ব্যাসের ১০০০ ফুট ও ৩/৪” ব্যাসের ২৫০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। একইদিন আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় ২” ব্যাসের ২৫০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
অবৈধ গ্যাস বিতরণ পাইপলাইন স্থাপন ও অবৈধ সংযোগের সাথে জড়িত থাকায় কোম্পানীর ২ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া, অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকার কারণে ২৯টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
