টঙ্গীতে ছিনতাইকারীর চাপাতির কোপে পত্রিকা হকার আহত

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:১৩
গতকাল বৃহস্পতিবার ভোরে টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রোডে ছিনতাইকারীর চাপাতির কোপে আহত হয়েছেন সংবাদপত্রের হকার জাহাঙ্গীর আলম (২৫)। আহত জাহাঙ্গীর জানান, গতকাল ভোরে সংবাদপত্র নিয়ে আউচপাড়ার মোক্তারবাড়ি রোড সুমাইয়া স্টোরের সামনে গেলে অস্ত্রধারী ছিনতাইকারী তার সাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জাহাঙ্গীরের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ঐ ছিনতাইকারী তার সাইকেলটি ভাংচুর করে এবং চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।