খুন গুম অপহরণ বৃদ্ধির মূলে রাজনীতির দুর্বৃত্তায়ন

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:১৯
সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। অতি দলীয়করণের কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে দুই প্রধান রাজনৈতিক দলই চরমভাবে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা। দুই শাসক দলই এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে আলোচক ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গোলটেবিল আলোচনায় মূলপ্রবন্ধ পাঠ করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এম সাখাওয়াত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যাদের ভর্তি করা হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাজনৈতিক পরিচয়কেই প্রাধান্য দেয়া হচ্ছে। আর তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আইন মেনে চলার প্রবণতা কমে যাচ্ছে। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে দুই রাজনৈতিক দলই চরমভাবে ব্যর্থ হয়েছে। পরিস্থিতির উন্নয়ন করতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে কারা আসছেন, তাদের ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন। সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে খুন, গুম ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার মূল কারণ হল রাজনীতির দুর্বৃত্তায়ন। রাজনৈতিক প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যের বিরুদ্ধেই যে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে তা নয়। অধিকাংশ সদস্যই ভালো কাজ করছেন। এ কারণে যারা এসব দায়িত্ব পালন করতে গিয়ে আইন ভাঙ্গছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে এখন জাতীয় সংকট চলছে। এ সংকট মোকাবেলায় সুশীল সমাজকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমাদের সুশীল সমাজের ভূমিকা পর্যাপ্ত নয়। তিনি বলেন, গুম-খুন, অপহরণের প্রতিবাদে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। সেখানে অনেকেই উপস্থিত হননি। এটা প্রমাণ করে, আমরা ঐক্যবদ্ধ নই। এএসএম শাহজাহান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই গুম, খুন অপহরণকে অবজ্ঞা করে আসছি। আর এ কারণে এগুলো বন্ধ না হয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে। যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজে সমস্যার সমাধানও নেই। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত আইনের প্রতি জনগণের শ্রদ্ধাশীল হওয়া। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থাশীল হওয়া। তিনি বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো ব্যর্থ হয়েছে।