খন্দকার মাহবুব হোসেনের বিষয়ে আদেশ ২২ জুন

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২০
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে খন্দকার মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট তাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। উল্লেখ্য, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পর এক সাংবাদিক সম্মেলনে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ৬ অক্টোবর খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ঐ সাংবাদিক সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, এই বিচার একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে।