খাবারে অধিক মসলা দেয়ায় থানা পুলিশে অভিযোগ

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২১
পৃথিবীর দুটি দেশ সম্পর্কে আমার কম-বেশি ধারণা আছে। এ দুটি দেশ হচ্ছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড। এ দুটি দেশের আইন-শৃংখলা পরিস্থিতি, মানবাধিকার, নিরাপত্তা এবং বিশেষ করে টুরিস্টদের নিরাপত্তা প্রশংসা করার মত। আজ একটি হেলথ টিপস অনুসন্ধান করতে গিয়ে একটি চমত্কার তথ্য নজরে এলো। তা হচ্ছে সিঙ্গাপুরের জালান বুকিত এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার করার পর স্পাইসি ফুডে এক ব্যক্তির জিহ্বায় বার্নিং সেনসেশন হওয়ার কারণে তিনি থানা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। উক্ত ব্যক্তি তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন খাবারটি ছিলো ‘এক্সট্রিমলি হট এন্ড টু স্পাইসি’। ঘটনাটি ছিলো ৩০ শে এপ্রিল রাতে। অভিযোগকারী আরও উল্লেখ করেছেন, তার আহারের পরের দিন পহেলা মে পর্যন্ত তিনি সেই ঝাঝালো তীব্র মসলাদার খাবারের বেদনা ভুলতে পারছিলেন না। তিনি এটাকে ‘টাঙ্গ-বার্নিং’ ডিনার হিসাবে আখ্যায়িত করেছেন। অভিযোগকারী তার অভিযোগ দায়ের সম্পর্কে আরও বলেছেন, যে কারণে আমি রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ করলাম তা হচ্ছে, ঐ দিন রাতের তীব্র মসলাযুক্ত খাবার আহার আমার জন্য ছিল অত্যন্ত অস্বস্থিকর এবং এজন্য আমাকে হাসপাতালে যেতে হয়েছিল চেকআপের জন্য। এ ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যম জহুর বারু (দক্ষিণ)-এর ডেপুটি পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগটি নিশ্চিত করেন। এই ধরনের ছোট্ট খবর নিয়ে আমরা কেউ থানায় গেলে আমাদের পুলিশ ভাইয়েরা কি বলতেন তা বলা যাবে না। তবে আমাদের দেশের অনিয়ন্ত্রিত রেস্টুরেন্টে কি খাচ্ছি, কি মসলা মেশানো হচ্ছে তা দেখার কেউ নেই। অন্তত: সিঙ্গাপুরের এ ঘটনাটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি না। তবে মনে রাখতে হবে অতিরিক্ত মশলা ও মরিচের গুঁড়া মেশানো খাবার কম খাওয়া ভালো। অন্তত: যাদের পেটের আলসার আছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ