দিনাজপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত

আপডেট : ০৮ মে ২০১৪, ২৩:১৬
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা বাস ও ট্রাক ভাংচুর এবং চালক ও হেলপারকে মারধোর করলে এর প্রতিবাদে দিনাজপুর জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সমঝোতা বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার রাত থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকরা জড়ো হয়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে বিক্ষোভ করে। এ সময় সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাংচুর ও শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগে গত বুধবার বিকেল থেকে বাশেরহাটের নামের এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু রায়হান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিকুর রহমান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।