সরকারের পদত্যাগের দাবিতে ব্যাংককে বিরোধীদের বিক্ষোভ

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:২৮
আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদচ্যুতির পর থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন সরকার ভেঙ্গে দেয়ার দাবিতে রাজধানী ব্যাংককে গতকাল শুক্রবার বিক্ষোভ করেছে বিরোধীদলের কয়েক হাজার সমর্থক। বিক্ষোভকারীরা ইংলাকের ফিউ থাই পার্টির সরকারকে আগামী তিনদিনের মধ্যে সরিয়ে না দিলে টেলিভিশন স্টেশন, সরকারি দপ্তর এবং পুলিশের অবস্থানগুলো অবরোধ করারও হুমকি দিয়েছে। গত বুধবার ইংলাকের পদচ্যুতির দু’দিন পর ব্যাংককে এই বিক্ষোভ হলো। আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী ইংলাকসহ বেশ কয়েকজন মন্ত্রী তাদের পদ ছাড়তে বাধ্য হলেও ফিউ থাই পার্টি আগামী ২০ জুলাইয়ের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবে। বিক্ষোভকারীরা এই সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবি জানায়। শুক্রবারের বিক্ষোভে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা সুথেপ থাউগসুবান আন্দোলনকারীদের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পাঁচটি টেলিভিশন স্টেশনের বাইরে মিছিল করার আহবান জানান যাতে সরকার এগুলো ব্যবহার করতে না পারে। সুথেপ বলেন, ‘আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা পুনরুদ্ধার করবো এবং একটি জনগণের সরকার ও আইন পরিষদ গঠন করবো।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই সরকার পরিবর্তন স্বচ্ছন্দে হবে। কিন্তু তিনদিনের মধ্যে তোমরা যদি সেটা না করো, তাহলে আমরা জনগণ, আমাদের নিজস্ব পদ্ধতিতে তা করবো।’ সরকারবিরোধী ও সমর্থকদের রাজপথে সংঘর্ষের আশংকায় শুক্রবার বিক্ষোভস্থলে কয়েকশ’ পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ‘রেড শার্ট’ নামে পরিচিত ইংলাক সমর্থকরা আজ শনিবার একটি বড় ধরনের মিছিল করার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, শহুরে মধ্যবিত্ত এবং অভিজাত শ্রেণীর বেশিরভাগ বিক্ষোভকারীর অভিযোগ, ইংলাক সরকার তার ভাই পদচ্যুত নেতা থাকসিন সিনাওয়াত্রার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু থাইল্যান্ডের গ্রামাঞ্চলে এবং নিম্নবিত্ত মানুষের কাছে ইংলাকের ফিউ থাই পার্টি এখনো দারুণ জনপ্রিয়।