বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বাদ আছর ধানমন্ডির সুধা সদনে পরিবারের সদস্যদের সঙ্গে মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শরীক হন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নসরুল হামিদ বিপু, অ্যাডভোকেট শামসুল হক টুকু, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, শেখ মোহাম্মাদ আবদুল্লা, ড. আবদুস সোবহান গোলাপ, ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও মরহুম ওয়াজেদ মিয়ার প্রতিবেশীরা।
এছাড়া ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আহমদ হোসেন, কামরুল ইসলাম, আসাদুজ্জমান খান কামাল, সহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহিফল করে যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মোঃ হারুনুর রশিদ, সাইদুর রহমান শহীদ, মজিবুর রহমান চৌধুরী, নুরুন্নবী চৌধুরী শাওন বক্তব্য রাখেন। এদিকে স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু এভিনিউর সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে। দুপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের ভিআইপি সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। রাজধানীর সেগুনবাগিচার বীর উত্তম খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল শিশু সংসদ।
এদিকে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর ও পীরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ডা. ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদ, জেলা আওয়ামী লীগ, রংপুর মহানগর আওয়ামী লীগ, পীরগঞ্জ থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
