সিলেটে প্রবাসী বিএনপি নেতার খোঁজ মেলেনি

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৯
সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে গাড়িসহ নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের কোন হদিস পাওয়া যায়নি। এমনকি তার ব্যক্তিগত গাড়ি ও ড্রা্ইভারেরও কোন খোঁজ পাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে নিখোঁজ হওয়া মুজিবুর রহমানের লন্ডনের ইলফোর্ডস্থ বাসায় চিরকুট পাঠিয়ে অপহরণকারীরা হুমকি দিয়েছে গাড়ি চালকসহ মুজিবকে দুইদিনের মধ্যে খুন করা হবে। তাদেরকে সিলেটের কোন একটি বাসায় আটকে রাখা হয়েছে। এই চিরকুট পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবুর রহমানের শ্যালক। তবে সিলেট রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, এ ধরনের কোন সংবাদ তাদের জানা নেই। তারা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত রবিবার সুনামগঞ্জে বিএনপির গণঅনশন শেষে সড়ক পথে সিলেট ফেরার সময় রাত আটটার দিকে গাড়িসহ নিখোঁজ হন মুজিবর রহমান। তার উদ্ধারের দাবিতে রবিবার সুনামগঞ্জ জেলা শহরে আধা বেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।