জনসভা করার অনুমতি না পেলেও গুম-খুনের শিকার সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আগামী বুধবার নারায়ণগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারের বাসায় যাবেন। বাকিদের বাসায় যেতে না পারলেও পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন।
নগরের বঙ্গবন্ধু সড়কে ১৪ মে সমাবেশের অনুমতি মেলেনি। গত বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী জানান, সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপিকে ওই সড়কে সমাবেশের অনুমতি দেয়া যাবে না। বুধবার সকাল ১১টায় বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, জনসভার অনুমতি দেয়া না দেয়ার বিষয়টি চেয়ারপারসনকে অবহিত করা হলে তিনি জানিয়েছেন, জনসভার অনুমতি না দিলেও নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জে আসবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নেতৃত্বে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সফর করেন।
