খিলগাঁও তিলপাপাড়ায় রাস্তার বেহাল দশা

আপডেট : ১০ মে ২০১৪, ২০:৫৮
গত শীত মৌসুমে খিলগাঁও তিলপাপাড়ার বেশকিছু সড়কের পাশে ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়। ফুটপাত নির্মাণের সময় রাস্তার পাশে থাকা মাটি সরিয়ে সেখানে কয়েক ফুট গর্ত করে রাখা হয়েছে। জানা যায়, পরে এখানে রাবিশ ফেলে রাস্তা পিচ ঢালাই করে বড় করা হবে। ফুটপাত নির্মাণের পর দুই মাস হলেও এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এদিকে ধূলায় ধূসর হয়ে ওঠা এসব সড়ক দিয়ে (বিশেষত ৭ নম্বর সড়ক) সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সামনে ঝড়-বৃষ্টির দিন আসছে। এখনই রাস্তার সংস্কার কাজ করা না হলে তখন হয়তো ভয়াবহ রকমের কর্দমাক্ত পরিবেশের সৃষ্টি হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে, সংস্কারের সর্বশেষ কাজটুকু করে এলাকাবাসীর পথচলা নির্বিঘ্ন করুন। রতন সরকার, খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা ১২১৯