অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১০ মে ২০১৪, ২১:৪৩
রাজধানীতে শনিবার পৃথক দুইটি ঘটনায় দুর্বৃত্তরা মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ও হাতে গুলি করে মোটরসাইকেল নিয়ে গেছে। পৌনে এক ঘণ্টার ব্যবধানে রাজারবাগ ও বুয়েট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোটরসাইকেল চালক আবরাব ইকবালকে ভর্তি করা হয়েছে ঢাকায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শাহবাগ ও মতিঝিল থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি। গুলিবিদ্ধ আবরাব জানান, তিনি পেশায় কসমেটিক ব্যবসায়ী। বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তিনি পুরান ঢাকা থেকে মতিঝিলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার বাম হাতে গুলি করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে মতিঝিল থানার ডিউটি অফিসার এএসআই সাহিদা খানম জানান, বিকাশের এজেন্ট গিয়াসউদ্দিন সকালে খিলগাঁও থেকে ২০ লাখ টাকা নিয়ে মতিঝিলস্থ ব্র্যাক ব্যাংক শাখায় জমা দেয়ার জন্য মোটরসাইকেলে বের হন। সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজারবাগ টেলিকম ভবনের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তার মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মতিঝিল বিভাগের এডিসি আসাদুজ্জামান বলেন, লুণ্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।