খালেদা জিয়ার প্রতি খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই বিএনপি নেত্রী খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাচ্ছেন। এ নিয়ে তিনি রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছেন। আসলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। নারায়ণগঞ্জে গিয়ে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে। তিনি বলেন, এক শ্রেণির আলেম নামধারী ব্যক্তি সব সময় ষড়যন্ত্র করে থাকেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও তারা এদেশের বিরোধিতা করেছিলেন। কিন্তু সত্যিকারের আলেমরা সব সময়ই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। তাই আমাদেরকে ওই নামধারী আলেমদের থেকে সাবধান থাকতে হবে।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মালেক, সংগঠনের নেতা মুফতী আজিজুর রহমান, হাজী মুজিবুর রহমান, এমদাদুল হক বকশী প্রমুখ।
