নারায়ণগঞ্জের ঘটনায় মায়া চৌধুরীর পরিবারের কেউ জড়িত নন

আপডেট : ১০ মে ২০১৪, ২১:৫৪
চাঁদপুরের জনপ্রতিনিধিদের দাবি নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের কোনো সদস্য জড়িত নন বলে দাবি করেছেন চাঁদপুরের জনপ্রতিনিধিরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি করে বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। এসব সংবাদ চাঁদপুরের জনপ্রতিনিধিদের বিব্রত ও মর্মাহত করেছে। সাংবাদিক সম্মেলনে চাঁদপুর জেলার জনপ্রতিনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু। লিখিত বক্তব্যে তিনি নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, গণমাধ্যমে প্রচার হয়েছে মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সঙ্গে সাত হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নূর হোসেনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। দীপু চৌধুরীর সিএনজি স্টেশন পরিচালনার জন্য নিজস্ব লোকবল রয়েছে। তিনি দাবি করেন, মনে হচ্ছে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর আয়োজন চলছে। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে মন্তব্য করে মনজুর আহমদ এ ব্যাপারে সবাইকে সংযমী এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ বক্তব্য প্রদানের অনুরোধ জানান। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিক সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকলেও মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আবুল খায়ের, সুলতানাবাদ উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।