করিমগঞ্জে দশ কিলোমিটার সড়কে ১৪ স্পীডব্রেকার

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৯
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের গেটওয়েখ্যাত চামটা বন্দরের সাথে সারা দেশের যোগাযোগের একমাত্র সড়ক করিমগঞ্জ কিশোরগঞ্জ সড়কে ১০ কিলোমিটারে অবৈধভাবে তৈরি করা হয়েছে ১৪টি স্পীডব্রেকার। এমনকি স্পীডব্রেকারগুলো স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমোদন নেই বলে জানা গেছে। কে বা কারা এগুলো স্থাপন করেছে তা সড়ক বিভাগের জানা নেই। কাছাকাছি স্পীডব্রেকার থাকার কারণে গাড়ি ধীরগতিতে চলতে হয়। এছাড়া স্পীডব্রেকারগুলোতে কোন রং কিংবা নির্দেশিকা না থাকায় দূর থেকে এগুলো চালকের চোখে পড়ে না। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জেলার আইন শৃংখলা কমিটির সভায় সমস্যাটি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত এগুলোর ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।