থাইল্যান্ডে ইংলাকের সমর্থকরা এবার রাজপথে

আপডেট : ১০ মে ২০১৪, ২৩:৩৭
আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পশ্চিম উপকণ্ঠে অবস্থান নিয়েছে। এই সমর্থকরা বলছেন, এই সমাবেশ হচ্ছে গণতন্ত্র রক্ষার জন্য এবং তারা এ জন্য যা দরকার তাই করবেন। তারা অভিযোগ করছেন বিরোধী দল একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। খবর বিবিসির। অবশ্য এই বিক্ষোভ সামরিক বাহিনীর হস্তক্ষেপ ডেকে আনতে পারে এই ভয়ে বিক্ষোভকারীরা একই সাথে সংযত আচরণ করার কথাও বলছে। ইংলাককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর থাইল্যান্ডের রাজনৈতিক সংকট এখন এক নতুন এবং আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। ইংলাককে যেভাবে ক্ষমতা থেকে সরানো হলো তার সমর্থকরা সেটিকে একটি জুডিশিয়াল ক্যু অর্থাত্ বিচার বিভাগীয় অভ্যুত্থানের সঙ্গে তুলনা করছেন। তারা মনে করছেন সেনাবাহিনীর ভেতরে বিরোধীরা তাদের লোকজনের মদতে এটি ঘটিয়েছে। ব্যাংককের রাস্তায় জড়ো হওয়া ইংলাকের সমর্থকরা বলেন, তারা একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর বিরোধী।