প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালের ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয় ফিজিক্যালি চেলেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ সংগঠন প্রতিবন্ধীদের সহায়তা করতে নিয়েছে নানা পদক্ষেপ। দৃষ্টি প্রতিবন্ধীদের শ্রুতিলিখনের ব্যবস্থা, প্রতিবন্ধীদের হল থেকে ক্যাম্পাসে আনা-নেয়া, হলে রুমের ব্যবস্থা করে দেয়া তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক কাউসার হামিদ বলেন, আমরা কাজগুলো করে থাকি তাদের প্রতি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে।’ এবছরের ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিতে কয়েকটি দাবি জানানো হয়েছিল। যেমন-দৃষ্টি প্রতিবন্ধীরা ক্লাসের লেকচারগুলো রেকর্ড করে শুনে। এ রেকর্ডগুলো যেন লাইব্রেরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। লাইব্রেরি এবং ডিপার্টমেন্টে র্যাম্প সিঁড়ির ব্যবস্থা রাখা হয়। ডিপার্টমেন্টের কাছাকাছি যেন হলের সিট বরাদ্দ দেয়া হয়। তাদের জন্য পরীক্ষায় আধাঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়।
তাদের নিয়মিত কার্যক্রম সম্পর্কে ক্লাবের যুগ্ম সম্পাদক কাউসার হামিদ বলেন, আমরা ক্লাবের নির্বাহী সদস্যদের নিয়ে প্রতিমাসে একটি নিয়মিত সভা করে থাকি। এ সভায় বিগত দিনের কাজের পর্যালোচনা এবং পরবর্তী কাজের পরিকল্পনা নেয়া হয়। এছাড়া হলভিত্তিক এবং কেন্দ্রীয়ভাবেও প্রতিমাসে একটি সাধারণ সভা হয়ে থাকে।
ক্লাবে প্রতিবছর দুই থেকে তিনটি সেমিনার আয়োজন করে থাকি। এসব সেমিনারে প্রতিবন্ধীদের সমস্যা দূরীকরণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস করা নিয়ে আলোচনা হয়ে থাকে। ক্লাবের সদস্যদের নিয়ে বছরে দুই থেকে তিনটি ওয়ার্কশপ হয়ে থাকে। প্রতিবন্ধীদের সমস্যা কাটিয়ে উঠতে আমাদের কি কি করণীয় তা আলোচনা করা হয়। আবার কি কি কারণে একজন মানুষ প্রতিবন্ধী হয়, সে বিষয়েও সচেতন করা হয়। কর্মশালাগুলো দিনব্যাপী বা তিন দিনব্যাপী হয়ে থাকে।
ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতা করতে প্রতিবছর আয়োজন করা হয় অ্যাডমিশন কেয়ার ক্যাম্প। এ ক্যাম্পে তাদের থাকা, দৃষ্টি প্রতিবন্ধীদের শ্রুতিলেখকের ব্যবস্থা করে ডীন থেকে অনুমতি নিয়ে দেয়া, পরীক্ষা কেন্দ্রে আনা-নেয়া, তাদের সীট খুঁজে দেয়া, ভর্তি পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতিবছর আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে পিকনিক আয়োজন করে থাকি। কিছুদিন আগে আমরা ক্লাবের পক্ষ থেকে ১০টি হুইল চেয়ার বিতরণ করেছি। পিডিএফ ক্লাবে বর্তমান সদস্য সংখ্যা ২৫০ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী ফরম পূরণ করে এ ক্লাবের সদস্য হতে পারবে। সদস্য হওয়ার সময় লাগবে এক কপি ছবি। ফরমের মূল্য ৫০ টাকা।
ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসাইন জয় বলেন, আমরা চাই, দেশের সকল বিশ্ববিদ্যালয় যেন প্রতিবন্ধীবান্ধব হয়ে থাকে।
