গোটা দুনিয়ায় টিভি চ্যানেলের যেমন অভাব নেই তেমনি অভাব নেই এসব চ্যানেলে সম্প্রচারিত হওয়া টকশো’রও। তবে সম্প্রতি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে যেয়ে জর্ডানের সেভেন স্টার টিভি নেটওয়ার্কের একটি টকশো’র দুই আলোচক যেভাবে সরাসরি অনুষ্ঠানের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সেটির মতো উদাহরণ দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর। বেশ কিছুক্ষণ ধরে কথার মারপ্যাচে একে অপরকে ঘায়েল করার চেষ্টায় পেরে না উঠতে পেরে শেষতক উপস্থাপকের সামনেই মারামারি শুরু করে দেন দুই আলোচক শাকের আল জোহারি ও মোহাম্মেদ আল জয়সি। পেশায় সাংবাদিক এই দুই আলোচককে সেদিন আমন্ত্রণ জানানো হয়েছিল সিরিয়ার চলতি সংকট নিয়ে আলোচনা করার জন্য। তবে আলোচনার এক পর্যায়ে নিজেদের মতামত তুলে ধরতে গিয়েই আল জয়সি অভিযোগ করেছেন যে শাকের আল জোহারি সুস্পষ্ট ভাবেই সিরিয়ার বিদ্রোহী পক্ষ ‘সিরিয়ান রেভ্যুলুশনকে সমর্থন করছেন। এদিকে তার এই কথার পাল্টা যুক্তি দেখাতে গিয়ে শাকের আল জোহারিও জয়সিকে টাকার বিনিময়ে বাশার আল আসাদের সরকারকে সমর্থন যোগানোর অভিযোগ করেন। মূলত এর পরপরই এই দুই সাংবাদিক তাদের সামনে রাখা টেবিলের ওপর দিয়ে একে অপরের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি আর হাতাহাতিও। এ সময় অনুষ্ঠানটির উপস্থাপক বারবার দুই আলোচককে শান্ত হবার অনুরোধ জানালেও তারা সেই অনুরোধের তোয়াক্কা না করেই একে অপরের দিকে টেবিল ধাক্কা দিতে থাকেন এবং এক পর্যায়ে একজন অপরজনের গায়ে লাথিও মারেন। সেই সাথে তারা ভেঙ্গে ফেলেন টকশো’র সেটের একটি অংশও। পরে প্রোডাকশন ক্রু’রা এসে এক আলোচককে বের করে নিয়ে গেলে আপাত সমাপ্তি ঘটে সরাসরি সম্প্রচারিত হওয়া এই হাতাহাতির।
