গাছের বেল পাড়ার অপরাধে ইট দিয়ে পিটিয়ে এক কর্মচারীর হাত ভেঙ্গে ও মাথা থেতলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ওই শিক্ষকের নাম অধ্যাপক এটিএম এনামুল জহির। আর ইট দিয়ে হাত ভেঙ্গে ও মাথা থেতলে দেয়া গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মিন্টু নগরীর খড়খড়ি এলাকার বাসিন্দা। গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসের শিক্ষক কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্যাম্পাসে শিক্ষকদের কোয়ার্টারের সামনের সড়ক দিয়ে যাবার সময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মিন্টু সেখানকার গাছ থেকে একটি বেল পাড়েন। এসময় আইন ও বিচার বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহির তা দেখে ফেলেন এবং মিন্টুকে চোর অপবাদ দিয়ে ইট দিয়ে পেটাতে শুরু করেন। এতে মিন্টুর বাম হাত ভেঙ্গে যায় ও মাথা থেতলে যায়। মিন্টু নিজেকে চোর নয় বলে দাবি করেও রেহাই পাননি ওই শিক্ষকের নির্মম নির্যাতনের কবল থেকে। পরে অন্য শিক্ষক-কর্মচারীরা মিন্টুকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শিক্ষক জহিরের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য না করে উল্টো সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তার বাসার ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। উল্লেখ্য, এর আগে ২০১০ সালে নিজের কোয়ার্টারের একটি খরগোশ খাওয়ার অপরাধে অধ্যাপক এটিএম এনামুল জহির তার প্রতিবেশী আরেক শিক্ষকের একটি পোষা কুকুরের এক চোখ উপড়ে ফেলেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার প্রতিবেশী শিক্ষকের কলার বাগানের ৭০-৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগও উত্থাপন করা হয় তার বিরুদ্ধে।
