ইত্তেফাক রিপোর্ট
বাংলা ট্রিবিউন-ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে পরিচালিত দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে ব্র্যাক ইউনিভার্সিটি ও তৃতীয় স্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
গতকাল শনিবার র্যাংকিংয়ের এই ফল বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পঞ্চম আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ষষ্ঠ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সপ্তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অষ্টম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নবম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও দশম স্থানে দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক রয়েছে। বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস একই মালিকানাধীন প্রতিষ্ঠান।
র্যাংকিং সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে ১০১টি প্রাইভেট ইউনিভার্সিটি থাকলেও ৩৬টির মধ্যে র্যাংকিং গবেষণাটি পরিচালিত হয়। বিভিন্ন কারণে ৬৫টি ইউনিভার্সিটিকে এ গবেষণার আওতাভুক্ত করা হয়নি।
র্যাংকিং বিশ্লেষণে দেখা গেছে, গবেষণা ব্যয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ব্র্যাক ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে শীর্ষে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি।
