পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৪

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৪৯
বাগেরহাটের ফকিরহাট, কুমিল্লার চান্দিনা ও ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ফকিরহাটে নিহত এক বাগেরহাট ফকিরহাটের খাজুরায় গত শনিবার রাত ১০টায় ট্রাক ও নসিমন সংর্ঘষে রেজাউল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি নিহত ও চান্দু মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহত চান্দু মিয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঘটনার দিন রাতে রূপসা থেকে ধান ভর্তি নসিমন ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। চান্দিনায় নিহত এক কুমিল্লার চান্দিনার কাঠেরপুল ব্রিজ এলাকায় গতকাল রবিবার দুপুরে বাস চাপায় অজ্ঞাত পরিচয় (২০) এক ব্যক্তি নিহত ও নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক শাহআলম, হালিমা বেগম, সিয়াম, বিল্লাল হোসেন, আবু তাহের ও একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, বাসটিকে পদুয়ার বাজার এলাকায় আটক করা হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নান্দাইলে ১৭ শ্রমিক আহত ময়মনসিংহের নান্দাইল পৌরসভার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মোড়ে গত শনিবার রাত ১০টায় যাত্রীবাহী পিকআপ ও কাঠ বোঝাই ট্রলির সংঘর্ষে ১৭ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। গুরুতর আহতরা হলেন বাবলু, শফিক, খালেক, উকিল, ছটকু, মিস্টার, শাহাদাত, রিপন, সুলতান, খালেক মোল্লা। আহতরা জানান, বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় ধান কাটা শ্রমিক হিসেবে কাজ শেষে পিকআপে বাড়ি ফিরছিলেন। ঘটনার পর নান্দাইল মডেল থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।