ইন্টার্ন ডাক্তারদের দফায় দফায় কর্মবিরতি

আপডেট : ১১ মে ২০১৪, ২৩:১১
শনিবার রাতে রাজধানীর চানখারপুল এলাকায় তিন চিকিত্সকের ওপর হামলার ঘটনার পর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সা সেবা ব্যাহত হয়েছে। চিকিত্সকদের দফায় দফায় ধর্মঘট পালনে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অতীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সকরা কর্মবিরতি পালন করলেও জরুরি বিভাগ বন্ধ করেননি। জরুরি বিভাগ যে কোন আন্দোলন ও কর্মবিরতির আওতামুক্ত ছিল। কিন্তু এবারই প্রথম জরুরি বিভাগ বন্ধ রাখা হলো। গত ৬ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফটে ওঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ইন্টার্ন চিকিত্সকদের ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত শনিবার রাতে চানখারপুলে অজ্ঞাত দুর্বৃত্তরা ডা. মমিন উল্লাহ পিন্নুসহ তিন ইন্টার্ন চিকিত্সকের ওপর হামলা চালায়। ইন্টার্ন চিকিত্সকরা ধর্মঘট পালন করলেও জ্যেষ্ঠ চিকিত্সকদের কয়েকজনকে হাসপাতালে এসে চিকিত্সা সেবা দিতে দেখা গেছে। জরুরি বিভাগসহ বহির্বিভাগে রোগীদের জন্য নির্ধারিত টিকিট কাউন্টার গতকাল বন্ধ থাকে। টিকিট কাউন্টারে তালা ঝুলিয়ে কেটে পড়েন সংশ্লিষ্টরা। কাউন্টার থেকে বলা হয়, চিকিত্সকরা মিটিং করছেন। খানিক পরেই চিকিত্সা শুরু হবে। এমন আশ্বাসে রোগী ও রোগীর লোকজন লাইনে দাঁড়িয়ে থাকেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে ওঠেন চিকিত্সা প্রার্থীরা। এরপরই শুরু হয় হাসপাতাল জুড়ে চিকিত্সা প্রার্থীদের চিত্কার চেঁচামেচি আর করুণ আর্তনাদ। এমন পরিস্থিতিতে হাসপাতালের বিভিন্ন বারান্দায় দাঁড়িয়ে থাকা চিকিত্সকদের চা কফি পান করতে দেখা যায়। সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের সাথে ইন্টার্ন চিকিত্সকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে বিএমএ’র মহাসচিব ডা. ইকবাল আর্সেলানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও স্বাচিপের কয়েকজন নেতা অংশ নেন। বৈঠক শেষে ইন্টার্ন চিকিত্সকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে এই ঘোষণা অনেক ইন্টার্ন চিকিত্সক পালন করেননি। দুইদিন কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিত্সকরা। এদিকে, দুপুরের আগেই হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মিরাজ, তার বন্ধু ঢাবি শিক্ষার্থী জুয়েল ও আশিকের নাম উল্লেখ করা হয়েছে। ঢাবি ছাত্রসহ আটক ৬ : গতকাল বিকালে রোগী দেখতে দল বেঁধে হাসপাতালে প্রবেশে বাধা দেয়ায় কর্তব্যরত আনসার সদস্যকে মারধর করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকরা হলেন অজয় রায়, সুমন, সঞ্জয়, পার্থ, রনি ও জয়। এদের মধ্যে অজয় ও সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের ছাত্র। রোগীদের কষ্ট দেয়া প্রতিবাদের ভাষা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে ইত্তেফাককে তিনি জানান, চিকিত্সকদের ওপর হামলার ঘটনাটি সত্যিই ‘দুঃখজনক ও নিন্দনীয়’। এ ধরনের ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার জন্য তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি চিকিত্সকদের রোগীর সেবা প্রদান থেকে বিরত না থাকার আহ্বান জানিয়ে বলেন, একজন চিকিত্সক হিসেবে রোগীদের সেবা প্রদান করা প্রত্যেক চিকিত্সকের মানবিক দায়িত্ব ও কর্তব্য। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের কষ্ট দেওয়া কোন প্রতিবাদের ভাষা হতে পারে না।