চিকিত্সকদের কর্মবিরতি পেশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়

আপডেট : ১২ মে ২০১৪, ২২:০৭
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের কর্মবিরতি ও রোগীদের ভোগান্তি সম্পর্কে বলেছেন, চিকিত্সকরা এভাবে কর্মবিরতি পালন করতে পারেন না। তাদের বিভিন্ন অভিযোগ থাকতেই পারে। সেগুলো সরকার বা প্রশাসন গুরুত্বের সাথে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতিতে যাওয়া এ পেশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। রোগীদের চিকিত্সা না দিয়ে চিকিত্সকরা অপরাধমূলক কাজ করছে। রাষ্ট্র বা সরকারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে এতে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হবে। সোমবার সকালে রাজধানীতে একটি অভিজাত রেস্টুরেন্টে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন। বেসরকারি সংগঠন সোসাইটি ফর মিডিয়া এন্ড সুইটেবল হিউম্যান কমিউনিকেশন টেকনিকস- সমষ্টি’র সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। ড. মিজানুর রহমান বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সকদের কর্মবিরতির মতো ঘটনা একবার ভারতেও সংঘটিত হয়েছিল। তখন ভারতের আদালত পেশার বৈশিষ্ট্যের জন্য ডাক্তাররা কর্মবিরতি পালন করতে পারবে না বলে রায় দিয়েছিল। আমাদের দেশেও আদালতের এমন একটি নির্দেশনা দেয়ার সময় এসেছে। আশা করছি পরিস্থিতি তেমন হলে, আদালত তেমন নির্দেশনা দিবেন। নারায়ণগঞ্জের সাত খুন সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জের ঘটনায় স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন। দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নিতে হবে।