ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিক্যালে গিয়ে ইন্টার্ন চিকিত্সকদের সাথে বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রাত নয়টা থেকে এই চিকিত্সকরা কাজে যোগ দিতে শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আব্দুল গফুর। এর ফলে রবিবার সকাল থেকে শুরু দেশের বৃহত্তম এই সরকারি হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের ভোগান্তির অবসান হয়।
গত শনিবার রাতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিত্সকরা।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, হামলাকারী যারাই হোক তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হবে। ইতিমধ্যে এই সকল দুর্বৃত্তদের গ্রেফতার করতে নির্দেশ দেয়া হয়েছে। সাধারণ রোগীদের চিকিত্সা বন্ধ করে কর্মবিরতি না করার জন্য চিকিত্সদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী হামলায় আহত চিকিত্সদের পাশে কিছুক্ষণ অবস্থান করে তাদের চিকিত্সার খোঁজ খবর নেন। এ ধরনের হামলাকে তিনি দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। প্রতিমন্ত্রীর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিত্সকদের কর্মবিরতির ফলে মেডিক্যালে আসা রোগীরা চরম বিপাকে পড়ে যান। অনেকে বাধ্য হয়ে রোগীদের ফিরিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, ডাক্তাররা রোগীদের চিকিত্সা না দেয়ায় রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। ফলে তারা রোগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিতে বাধ্য হন তারা। তাই কোনো অবস্থাতেই ডাক্তারদের এ ধরনের কর্মবিরতি তারা মেনে নিতে পারেন না।
