ছাত্রলীগের হাতে শাবি ভিসি ৩ ঘণ্টা অবরুদ্ধ

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:০৭
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের দাবি তুলে ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে শ্লোগান দেয়। পরে অবরুদ্ধ অবস্থায় ভিসি অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার সাথে দেখা করতে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়সহ ছাত্রলীগের প্রতিনিধিদল। তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে তালা খুলে দেয়া হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরুর হওয়ার কথা থাকলেও বিকাল ৪টার দিকে তা শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং রসায়ন বিভাগে অনিয়ম করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কয়েকজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় বলেন, দুই বিভাগের নিয়োগের বিষয়টি গতকাল সিন্ডিকেট সভায় তোলা হবে না বলে স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করে ভবনের তালা খুলে দিয়েছি।