চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:০৮
ছাত্রলীগের একাংশের অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার অবরোধের ৬ষ্ঠ দিনেও শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল না করায় কোন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একদিকে অবরোধকারীদের আন্দোলন; অন্যদিকে অবরোধ প্রতিহতকারীদের তত্পরতা, এই দু’পক্ষকে নিয়ে জটিলতায় রয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ অচলাবস্থা সহজে নিরসন করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিকভাবে এ সমস্যার নিরসন সম্ভব নয়। প্রথমে কেন্দ্রকে এ ব্যাপারে অবহিত করায় তারা একটি পদক্ষেপ নিয়েছে। কিন্তু উভয়পক্ষই তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। তিনি আরো বলেন, রবিবার রাতে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। অবরোধকারীরা তাদের দাবি-দাওয়া আমাদের মৌখিকভাবে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্মসম্পাদক সুমন মামুন বলেন, প্রশাসনকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের দাবি পেশ করেছি। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। আন্দোলন অব্যাহত থাকবে।