এলিট ফোর্স র্যাবকে ‘ভাড়াটে খুনি’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, টাকার বিনিময়ে তারা খুন করছে। র্যাব নিরাপত্তা দেয়ার পরিবর্তে মানুষের জীবন নিয়ে নিচ্ছে। এই বাহিনীর আর প্রয়োজন নেই। অবিলম্বে এই বাহিনীকে বিলুপ্ত করতে হবে। জনগণের সেবার জন্য প্রয়োজনে আলাদা বাহিনী গঠনের দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার এজলাস স্থানান্তরের প্রতিবাদে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছেন র্যাবের আর প্রয়োজন নেই। তার এই বক্তব্য ন্যায়সংগত। এটা এখন সময়ের দাবি। তিনি বলেন, উচ্চ আদালতের দেয়া নির্দেশের পর এটা স্পষ্ট যে, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব জড়িত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের সরকারের সময়ে র্যাব গঠন করা হয়েছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের জন্য। কিন্তু এখন এই বাহিনীকে সরকার বিরোধী দল দমনের কাজে ব্যবহার করছে। এই বাহিনী সাধারণ মানুষকে খুন করছে। সামপ্রতিক সময়ে যেসব গুম-অপহরণের পর খুনের ঘটনা ঘটেছে, তার সবই করেছে র্যাব। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, পাঁচ বছরের আগে ক্ষমতা ছাড়বেন না, এই হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ক্ষমতা ছাড়তেই হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া। সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্যাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
