দুই কন্যা শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাবা :পুলিশ

আপডেট : ২৫ মে ২০১৯, ২২:১৭

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাটের টয়লেটে নুসরাত জাহান তাইন (১০) ও তানিশা তাইয়েবা (৪) নামের দুই কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে তাদের বাবা শফিকুল ইসলাম। এমন তথ্য জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

পুলিশ সুপার বলেন, নিহত দুই শিশুর বাবা শফিকুল ইসলাম ও তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, শফিকুল ইসলাম পূর্ব থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার সে তার দুই মেয়েকে নিয়ে মনোহরদী থেকে শিবপুরে ডাক্তার দেখাতে নিয়ে আসে। সেখানে ডাক্তার না থাকায় নরসিংদী সদরে ঘুরতে আসে মেয়েদের নিয়ে। পরে বড় মেয়ের আবদার অনুযায়ী নরসিংদী কাউরিয়াপাড়া নতুন লঞ্চ ঘাট দেখতে আসে তারা।

পুলিশ সুপার আরো বলেন, তার কথাবার্তায় নানা রকমের অসঙ্গতি দেখেছি। সে জানিয়েছে পারিবারিক দারিদ্র্য, মেয়েদের লেখাপড়ার খরচ না দিতে পারা, আবদার অনুযায়ী মেয়েদের নতুন জামা দিতে না পারা সবকিছু মিলিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রথমে ছোট মেয়েকে লঞ্চ ঘাটের একটি টয়লেটে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বড় মেয়েকে একই টয়লেটে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে চলে যায়।