বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ ৩১ জনের বিচার শুরু

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:১৫
উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীসহ ৩১ জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির ২৯২/১২৪-ক ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুরসহ আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়িতে বৈঠককালে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেফতার করে। আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি কিংবা হরকাতুল জিহাদের চেয়েও উগ্রপন্থি এবং তারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার মতাদর্শের অনুসারী বলে অভিযোগ রয়েছে। তদন্ত শেষে ৩১ জনের বিরুদ্ধেই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৩১ জনের মধ্যে ২৮ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। মুফতি জসীম উদ্দিন মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানের অধীনে তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।