নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ সেভেন মার্ডারের ঘটনা নিয়ে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা বলেছেন, যে র্যাব বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবন রক্ষা করা সেই র্যাব এখন মানুষের জীবন হরণ করছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশেন সেন্টারে ওই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাবেশে নাগরিক ঐক্য নেতা মাহামুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন বলছেন যে র্যাবের কোন দরকার নেই, তাদের বিলুপ্ত করে দিতে। কিন্তু খালেদা জিয়া কী একবারও বলেছেন যে তারা র্যাব গঠন করে ভুল করেছিলেন। র্যাব গঠনের পর থেকেই বিনা বিচারে ক্রসফায়ারে মানুষ হত্যা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর সি আর আবরার হোসেন বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেন। এই সন্ত্রাসীদের আস্তানা নারায়ণগঞ্জের মাটিতে থাকবে না। আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, এই সাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যতদিন না হবে ততদিন আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, পরিবেশবাদী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
রূপগঞ্জে বিএনপির মানববন্ধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার এবং অপহরণ, হত্যা ও গুম বন্ধের দাবিতে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো পৌর এলাকায় মানববন্ধন করে উপজেলা বিএনপি। মানববন্ধনে যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, তারাবো পৌর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল কবির, আনোয়ার হোসেন, মফিকুল ইসলাম খান, ছাত্রদল নেতা সালাউদ্দিন দেওয়ানসহ শত শত নারী-পুরুষ, শিশু অংশ নেয়। পরে তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের বাড়িতে যান।
