বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ময়মনসিংহে ৪ জন নিহত
ময়মনসিংহের তারাকান্দায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— অটোচালক আলামিন (১৮) ও সফিকুল ইসলাম (২৬)। এদিকে ত্রিশালে একই দিন দুপুরে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন— রফিকুল ইসলাম (৪৫) ও সিরাজুল ইসলাম (৬৫)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জে স্কুল ছাত্র নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর ব্রিজ এলাকায় গতকাল মঙ্গলবার সকালে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সমির আহম্মেদ টিটু (১৪) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। সে উপজেলার বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
কালিয়াকৈরে নিহত এক
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. বাদু মিয়া নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত ও হেলপারসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোনাবাড়ী হাইওয়ে থানায় মামলা হয়েছে।
দৌলতপুরে নিহত এক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বরূপপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় তৌহিদুল ইসলাম (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— মোটর সাইকেল চালক মোনাজত ও তোজাম্মেল। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করেছে।
ফুলপুড়ে সিএনজি চালক নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি সখল্যা মোড় এলাকায় সোমবার রাত ১১টায় সিএনজি চালিত অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই চালক মো. নয়ন মিয়া (১৫) মারা যান।
মাগুরায় পানিতে একজনের মৃত্যু
মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ (২০) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুপুরে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
