গতকাল যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হয়েছে শুভ বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের সর্ববৃহত্ এ উত্সবকে কেন্দ্র করে ধর্মাবলম্বীদের মধ্যে ছিল বিপুল উত্সাহ উদ্দীপনা। আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে সকালে শান্তি শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়। এছাড়া আলোচনা সভা, মহাসঙ্ঘদান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বৌদ্ধ বিহার সূত্র জানায়, সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর বুদ্ধ পূজা, মহাসঙ্ঘদান, মহা অষ্টপরিষ্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পাদন করা হয়। এছাড়াও জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন মেরুল বাড্ডায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ মন্দির ও মঠগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।
