ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বের দিন সোমবার বিভিন্ন সংস্থার বুথ-ফেরত জরিপে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট বড় জয় পেয়ে নতুন সরকার গঠন করবে বলে দাবি করা হয়েছে। এসব জরিপ সঠিক হবে বলে মন্তব্য করেছে বিজেপি। কিন্তু ভারতের মতো বিশাল দেশে এমন জরিপের ফল প্রযোজ্য নয় উল্লেখ করে এর ফলাফল প্রত্যাখ্যান করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। ইউপিএ নেতারা বলছেন, শতকোটির বেশি লোকের দেশে মাত্র কয়েক লাখ মানুষের উপর জরিপ করে সারা দেশের ফল বলে প্রচার করা হাস্যকর।
ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতা দিগ্বিজয় সিং গতকাল মঙ্গলবার সকালে এক বার্তায় লোকসভা নির্বাচনে তার দল শোচনীয়ভাবে হারবে বলে বিভিন্ন জরিপে প্রকাশিত পূর্বাভাস নাকচ করে দিয়ে বলেন, ভারতের ভোটার সংখ্যা ৮১ কোটি। ৫/৬ লাখ মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা কাকে ভোট দিয়েছেন। যাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তাদের বেশিরভাগ মানুষ বিজেপি জোটকে ভোট দিয়েছেন -এটা অসম্ভব কিছু নয়। কিন্তু এই মানুষগুলোর ভোট দিয়ে ৮১ কোটি ভোটারের ভোট হিসাব বের করা বোকামি।
কংগ্রেস নেতা শাকিল আহমদও ভোটার জরিপ ও মতামত জরিপ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘এসব জরিপ ২০০৪ ও ২০০৯ সালেও ভুল প্রমাণিত হয়েছে।’ তার দল ১৬ মে নির্বাচনের আসল ফল প্রকাশের অপেক্ষায় থাকবে বলে জানান তিনি।
অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়নস্বামী গতকাল এই বুথফেরত জরিপের ফল প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ইউপিএ এবারো কেন্দ্রে সরকার গঠন করবে। রাহুল গান্ধী সেই সরকারের নেতৃত্ব দেবেন। তিনিও ২০০৪ এবং ২০০৯ সালের বুথ-ফেরত জরিপের ফল ভুল প্রমাণ হবার কথা উল্লেখ করেন। তবে এরপরেও যদি বিজেপি জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে জনগনের রায় কংগ্রেস মেনে নেবে বলে তিনি উল্লেখ করেন।
জনমনে বিভ্রান্তি: সোমবার লোকসভার শেষপর্বের ভোটগ্রহণ শেষ হবার সাথে সাথে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বুথ ফেরত জরিপের মাধ্যমে নির্বাচনের যে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে তা নিয়ে বিভ্রান্তি এবং সন্দেহের সৃষ্টি হয়েছে। একেক চ্যানেল একেক রকম সম্ভাব্য ফল প্রকাশ করায় বিভ্রান্তিটা আরো বেশি প্রকট হয়েছে। কোন কোন চ্যানেল বলেছে, এনডিএ জোট এককভাবে সরকার গঠন করবে। কেউ বলেছে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। আবার কেউ বলেছে, জোট ছাড়াই বিজেপি সরকার গঠন করতে পারবে।
চ্যানেল এবিপি নিউজ বলেছে বিজেপি পাবে ২৮১, কংগ্রেস পাবে ৯৭ এবং বাকিরা পাবে ১৬৫। সিএনএন আইবিএন বলেছে, বিজেপি পাবে ২৩৬, কংগ্রেস পাবে ৭৭ এবং বাকিরা ১৭০। টাইমস নাও বলেছে বিজেপি জোট পাবে ২৫৭, কংগ্রেস জোট পাবে ১৩৫ এবং বাকিরা পাবে ১৫১। টুডে সিসিরো বলেছে, বিজেপি জোট ২৭২, কংগ্রেস জোট ১১৫ এবং বাকিরা পাবে ১৫৬। নিউজ২৪ বলেছে, বিজেপি জোট পাবে ৩৪০ কংগ্রেস জোট ৭০ এবং বাকিরা ১৩৩। আরো বেশ কিছু টেলিভিশন চ্যানেল বুথ-ফেরত জরিপ প্রকাশ করেছে। কিন্ত একটির সাথে অন্যটার ব্যাপক ব্যবধান।
শাকিল আহমেদ বলেন, এসব জরিপওয়ালারা কংগ্রেসকে গত নির্বাচনে মাত্র ৬৭টি আসন দিয়েছিল। অথচ সেই জরিপ ভুল প্রমাণ করে কংগ্রেস ক্ষমতায় গিয়েছিল। ৯৮ সাল থেকে ভারতে বুথ ফেরত জরিপ প্রকাশ শুরু হবার পর কোন জরিপই সঠিক হয়নি।
