চলন্ত কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০১
সিলেট থেকে ঢাকা আসার পথে চলন্ত অবস্থায় আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে একটি খাবার বগিসহ দুইটি চেয়ার বগি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশন অতিক্রম করার পর হোটেল রেডিসনের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনের খাবারের বগির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও রেল সূত্র জানায়, সিলেট থেকে সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দর রেলস্টেশন ছেড়ে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছাকাছি আসার পর ট্রেনের খাবার বগির রান্নার চুলা থেকে দেয়ালের বোর্ডে আগুন ধরে যায়। ঐ সময় খাবার গাড়িতে কর্মরত সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুন বগিতে ছড়িয়ে পড়তে থাকলে ট্রেনের শিকল টানা হয়। গতিবেগ কমে আসার পর ট্রেনের পরিচালক অগ্নিকাণ্ডের খবর চালককে জানান। ট্রেনটি থামার আগেই খাবারের বগি ও আরো একটি চেয়ার কোচের বগির যাত্রীরা সামনের বগিতে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এসময়ের মধ্যে সকল যাত্রী ট্রেন থেকে নেমে যান। পরে আগুন ধরে যাওয়া তিনটি বগিকে ট্রেনের অন্য বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঐ রেললাইন দিয়ে কমলাপুর স্টেশনে ট্রেন আসা বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় রেলের প্রধান প্রকৌশলী (পূর্ব) মাহবুবুল আলমের নেতৃত্বে উচ্চ পর্যায়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ডিভিশনাল ট্রেন অপারেটর নাজমুল আলমের নেতৃত্বে বিভাগীয় পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই দুই কমিটি রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে।