দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অধঃস্তন আদালতের পাঁচ বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সুপ্রিম কোর্টের জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এরা হলেন ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকার অর্থঋণ আদালত-২ এর সাবেক বিচারক যুগ্ম জেলা জজ আল মামুন, ঢাকার অর্থঋণ আদালত-১ এর সাবেক বিচারক (যুগ্ম জেলা জজ) মো. রবিউজ্জামান, সিলেটে কর্মরত ঢাকার সাবেক যুগ্ম জেলা জজ ইফতেখার বিন আজিজ ও বর্তমানে ঢাকার সহকারী জজ মো. আবদুল্লাহ আল মাসুম। এছাড়া ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. শফিউল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লায় কর্মরত।
জানা গেছে, গত ডিসেম্বর মাসে হাইকোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা ঢাকা জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে যান। সেখান থেকে ফিরে এসে সুপ্রিম কোর্ট প্রশাসনের নিকট প্রতিবেদন দাখিল করেন। ঢাকার জেলা ও দায়রা জজসহ ওইসব বিচারকের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের বিষয় জিএ কমিটির প্রতিবেদনে তুলে ধরা হয়।
