রংপুরে ভুয়া অপহরণের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৪
অপহরণের নাটক সাজানোর অভিযোগে আত্মগোপনে থাকা রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক (৪০) ও তার বন্ধু মাজেদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে কোতয়ালী থানার এসআই হোসেন আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা এবং সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা বেগমের স্বামী রেজওয়ানুল হক গত ৬ মে দুপুর ১২ টার দিকে নগরীর একটি ছাপাখানা থেকে স্ত্রীর নির্বাচনী পোস্টার আনতে গণেশপুর ভাড়া বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে অভিযোগ এনে স্ত্রী রীনা বেগম ওই দিন রাতেই স্বামীর নিখোঁজের ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ উঠার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় ব্যাপক তত্পরতা। ৬ দিন পর গত সোমবার বেলা ১১ টায় সহকারী পুলিশ সুপার হুমাযুন কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের আশুলিয়া বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাসা থেকে রেজওয়ানুলকে উদ্ধার করে। রেজওয়ানুল জানান, তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে প্রথমে রংপুরের পীরগঞ্জে ও পরে টাঙ্গাইল এবং সর্বশেষ আশুলিয়ায় অবস্থান করেন। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিএনপি’র জেলা কমিটির এক নেতার মদদে রাজনৈতিক উদ্দেশ্যে এবং উপজেলা নির্বাচনে রিনা বেগমের পক্ষে জনগণের সহানুভূতি নেয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্তা করা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রেজওয়ানুল হক অপহরণের নাটক সাজিয়ে প্রচার করেন।