সহকারী প্রাথমিক শিক্ষকদের ১১ দফা

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৫
পদমর্যাদা বৃদ্ধি ও বেতনবৈষম্য দূরীকরণসহ ১১ দফা পূরণের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার এক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে এমন অভিযোগ করে এই নিয়োগ বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। এছাড়া শতভাগ পদোন্নতি, নিয়োগ বিধিমালা পরিবর্তন, অর্জিত ছুটির বিধান প্রণয়ন, পোষ্যকোটা প্রণয়ন, আত্মীকরণকৃত বিদ্যালয়ের সকল শিক্ষককে সহকারী শিক্ষক পদে পদোন্নতি, সকল কমিটিতে শিক্ষক প্রতিনিধি রাখা, সকালের সময় পরিবর্তন ও কর্মঘণ্টা কমানো এবং জেলা ও মহানগরীতে শিক্ষকদের জন্য আবাসনের ব্যবস্থার দাবি জানান শিক্ষকরা। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা দাবি তুলে ধরেন সমিতির আহ্বায়ক নাসরিন সুলতানা। মন্ত্রী বলেন, আপনারা দাবি আদায়ে আন্দোলনের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের দাবি আদায়ে যা করার দরকার তাই করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও শিরিন আক্তার।