ময়মনসিংহের গফরগাঁওয়ের তিনটি গ্রামের একটি স্কুল ঝড়ে বিধ্বস্ত হয়ে সেখানকার শিক্ষার্থীরা এখন খোলা জায়গায় ক্লাস করছে।
উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই, ধোপাঘাট ও দিঘা গ্রামের এই চংবিরই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্প্রতি কালবৈশাখী ঝড়ে বিধস্ত হয়।
স্কুলটির চারদিকে কমপক্ষে ৫ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বর্তমানে বিদ্যালয়টিতে ১৭০জন শিক্ষার্থী ও ৫জন শিক্ষক আছেন। পাঠ্যপুস্তক সরকারিভাবে দেয়া হলেও বিদ্যালয়ের অন্যান্য যাবতীয় খরচ চালান এলাকাবাসী।
গত সোমবার সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয়ের সামনে প্রখর রোদের মধ্যে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস করছে। অনেক শিক্ষার্থী পাঠ্যপুস্তক মাথার উপর দিয়ে রোদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে।
প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, স্কুল ঘরটি ঝড়ে ভেঙে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি আশংকাজনকহারে কমে গেছে। কাছাকাছি কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় অনুপস্থিত শিক্ষার্থীরা অকালে ঝরে পড়তে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব মিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে চংবিরই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো যেসব বিদ্যালয়ের ক্ষতি হয়েছে তার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
