আনন ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল শিশুসাহিত্য আসর ও ইফতার মাহফিল। গুলশানের নতুন বাজার এলাকায় আনন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজী, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি নাসির আহমেদ, কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীক প্রমুখ।
আনন ফাউন্ডেশনের সভাপতি স ম শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে তার লেখা ইসলামী গান ও ইসলামী কবিতা আবৃত্তি করে আনন ফাউন্ডেশনের শিশুরা। এরপর শিশুসাহিত্য আসরে লেখা পাঠ করে ফাহমিদা ওয়াজিফা তানফিয়া, সুমাইয়া হক ইষা, মোর্শেদা আফনুন, লামিয়া তিন্নি, সাদিয়া আক্তার, সাব্বির হোসেন, যায়নাব বিনতে আলী, মিসকাতুল মুনতাহা ঐশী, মাজনীন রহমান মাইশা, দিঘা, হাসিবুর রহমান অয়ন। এরপরে ছিল বড়দের পরিবেশনা। সাহিত্য আসর শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
