একদল হনুমান দামুড়হুদার জিরাটসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে উঠতি ফসলের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
গ্রামের কৃষকরা জানান, ২০-২৫ সদস্যের একটি হনুমান দল কাঁটাতারের উপর দিয়ে লাফিয়ে এসে উপজেলার জিরাট, কামারপাড়া, মদনা-পারকৃষ্ণপুরসহ ৪-৫টি গ্রামের মাঠে আম, লিচু, কলা, কাঁঠাল, বাতাবি লেবু, পেঁপে, মুগ, কলাই, পটল, উস্তে ও কিছু পাকা ধান তছরুপ করেছে।
গ্রামবাসী গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। কৃষকরা প্রতিবছর এ সকল বাগান থেকে লক্ষ লক্ষ টাকার আম, কাঁঠাল, লিচু বিক্রি করে মোটা অংকের টাকা আয় করে থাকে। এমতাবস্থায় কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলে দিয়েছে।
দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শামীমুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্যপ্রাণী মারা বা হত্যা করার কোনো আইন নেই। তাদেরকে কৌশলে প্রতিহত করতে হবে। গ্রামবাসী স্থানীয়ভাবে তাদেরকে সীমান্তের ওপারে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে।
