বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন দেশের গণমাধ্যমের প্রতি তাদেরসাহসী ও বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম এখন অনেক সাহসী ও দৃঢ় ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন গণমাধ্যমের কারণেই মানুষ সব তথ্য জানতে পারছে।
রাশেদ খান মেনন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক নিবিড়। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা জাতীয় উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা, যুগ্ম-সম্পাদক নাসরিন গীতি, সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা, নির্বাহী সদস্য দীপক ভৌমিক, কানিজ ফাতেমা লুনা, হুমায়ুন কবির তমাল, আবু কাউছার খোকন ও সদস্য ফিরোজ আলম মিলন বক্তব্য রাখেন।
ডিএসইসি নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মন্ত্রীর সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
