জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ অসুস্থ। কয়েকদিন আগে খুলনা সফরের সময় বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে কোমরে প্রচণ্ড আঘাত পান তিনি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি। অন্যদিকে, কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা ইত্তেফাককে জানান, তিনি প্রফেসর ডা: মমিনুজ্জামান, প্রফেসর ডা: সৈয়দ সাইদ আহমদ ও প্রফেসর ডা. একেএম শহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং জাতীয় পার্টির নেতা ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী প্রমুখ কাজী জাফরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন।
এদিকে, আবুল কালাম আজাদ এমপি ইত্তেফাককে জানান, কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হওয়ায় গত ২১ এপ্রিল তিনি সিএমএইচে ভর্তি হন। আরোগ্য কামনায় তিনি সবার দোয়া চেয়েছেন।
