৫শ’ বছর পর কলম্বাসের জাহাজ!

আপডেট : ১৪ মে ২০১৪, ২৩:৩২
আমেরিকা আবিষ্কারের নায়ক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের প্রথম সমুদ্র অভিযাত্রায় নেতৃত্বদানকারী জাহাজ শান্তা মারিয়ার ভগ্নাবশেষ হাইতির উপকূলে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই অভিযানে ভারতের পথে নতুন জলপথ আবিষ্কার করতে গিয়ে ক্রিস্টোফার কলম্বাস অজানা মহাদেশ আমেরিকায় গিয়ে হাজির হয়েছিলেন। খবর এনডিটিভি’র। জাহাজটি ডুবে গেছে ৫শ বছর আগে। অনেকের ধারণা ছিল এর চিহ্ন হয়তো নেই। কিন্তু অনেকের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হলো। শান্তা মারিয়ার খোঁজে ১১ বছর ধরে অনুসন্ধানরত ব্যারি ক্লিফোর্ড জাহাজটি খুঁজে পাওয়ার দাবি করেছেন। তার বিশ্বাস, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে যে জাহাজটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে এর নির্ভুলতা সম্ভবত প্রয়োজনীয় প্রমাণসহ তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, এটিই সেই জাহাজ যা মানব ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছে। ৫শ’ বছর আগে যে জায়গায় শান্তা মারিয়া ডুবে গেছে বলে কলম্বাস নির্দেশ করেছিলেন সেই এলাকা থেকেই জাহাজটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ৬৮ বছর বয়সী ক্লিফোর্ড। তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজগুলির মধ্যে এটি আমার মাউন্ট এভারেস্ট। তবে এবারই তিনি জাহাজটি প্রথম আবিষ্কার করেছেন এমন নয়। এর আগে ২০০৩ সালে তিনি ও তার দল জাহাজটির বিষয়ে অনুসন্ধান চালিয়ে সাগরের গভীর থেকে জাহাজের একটি কামান তুলে এনেছিলেন!