গাজীপুরের টঙ্গীর ব্যাংকমাঠ বস্তি এলাকা থেকে গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৮’শ পিস ইয়াবাসহ শাহিন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত মাদক কারবারি মুন্সিগঞ্জ সদর এলাকার জাজিরা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। সে ব্যাংকের মাঠবস্তিতে থেকে মাদক ব্যবসা করত।
টঙ্গী পূর্ব থানার এএসআই জাহাঙ্গীর জানান, শাহিন ইয়াবার একটি চালান সরবরাহের জন্য বস্তিতে তার বাসার নিকট অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহিনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গতকাল শনিবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
