মোদিকে ফের প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

আপডেট : ২৬ মে ২০১৯, ০১:১৩

নরেন্দ্র মোদি ফের ভারতের প্রধানমন্ত্রী। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। গতকাল রাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম এবং শপথের তারিখ জানাতেও মোদিকে অনুরোধ জানিয়েছেন। গতকাল জোটের সংসদ সদস্যদের উদ্দেশ্যে মোদি বলেন, সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে আমাদের। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এতদিন। এদিকে আজ মায়ের সঙ্গে দেখা করতে গুজরাট যাচ্ছেন মোদি। কাল যাবেন বারানসিতে।

গতকাল রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেন নরেন্দ্র মোদি। এরপর রাষ্ট্রপতি অফিসের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ভারতীয় সংবিধানের ৭৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতি মোদিকে মন্ত্রিসভার সদস্যদের নাম এবং শপথের তারিখ জানানোর অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রী মোদি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি আমাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এখন নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, নতুন সরকারের গতি আরো বাড়বে। একটা সেকেন্ডও নষ্ট করা হবে না। সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে, আগামী ৩০ মে নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে মোদি ও তার মন্ত্রীদেরকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান রাষ্ট্রপতি।   

গতকালই অমিত শাহের নেতৃত্বে বিজেপি এবং এনডিএর নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে দু’টি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বিজেপি এবং এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করার কথা রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এর আগে গতকাল বিকালে পার্লামেন্টের সেন্ট্রাল হলে বৈঠকে বসেন এনডিএর নির্বাচিত সংসদ সদস্যরা। সেখানে জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয় মোদিকে। নব নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, এবার দেশের মানুষ ক্ষমতাসীনদের ভোট দিয়েছে। আমরা ভাল কাজ করে যাব। স্বাধীনতার আগে ভারতীয়রা যেভাবে আন্দোলন করেছেন আমাদের সেই মানসিকতা নিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি অভিযোগ করেন, ভোট ব্যাংকের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়াই করতে হবে। এই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি সভাপতি অমিত শাহ এবং সাবেক শীর্ষ নেতা এল কে আদভানি।

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সবার ধারণাকে ভুল প্রমাণ করে ৩০৩ আসনে জয়ী হয়েছে মোদির বিজেপি। আর বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৫০টি আসন। এককভাবে জিতলেও জোট সরকার গঠন করছে বিজেপি। এদিকে নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। গত সরকারে তিনি মন্ত্রী ছিলেন না। মন্ত্রী হলে সভাপতির পদ ছাড়তে পারেন অমিত শাহ। নতুন সরকারে অর্থমন্ত্রী হতে পারেন পিযুশ গয়াল। অরুন জেটলি অসুস্থ হওয়ার পর ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানি এবার মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেতে পারেন। মন্ত্রী হতে পারেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবও। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও। এনডিএ জোটের অন্য শরিক দলের প্রতিনিধিত্ব থাকবে মন্ত্রিসভায়। এবারে স্পিকার পদেও নতুন কাউকে দেখা যাবে। কারণ বর্তমান স্পিকার সুমিত্রা মহাজন প্রার্থী হননি। এছাড়া পশ্চিমবঙ্গ থেকেও কয়েকজনকে মন্ত্রী পদে দেখা যেতে পারে।