বাগদাদে পুলিশ সদর দপ্তরের কাছে বোমা হামলা, নিহত ৩

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:২৭
বাগদাদে পুলিশ সদর দপ্তরের কাছে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়ে ৩ ব্যক্তি নিহত হয়েছে। গত মাসে নির্বাচনের পর এটি ছিল সর্বশেষ গাড়ি বোমা হামলা। ঘটনাস্থল থেকে এএফপি’র এক সাংবাদিক বলেন, বাণিজ্যিক এলাকা কারাদায় একটি হাসপাতাল ও থানার মধ্যবর্তী স্থানে স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় ০৭০০) এ বিস্ফোরণ ঘটে। পুলিশ ও চিকিত্সক সূত্রে জানা গেছে, এতে কমপক্ষে তিনজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। মৃতদের মধ্যে কমপক্ষে একজন পুলিশ সদস্য। দেশব্যাপী রক্তক্ষয়ী ঘটনার দুদিন পর এ ভয়াবহ ঘটনা ঘটলো। ওই ঘটনায় শুধু বাগদাদে ৯টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩০ এপ্রিল নির্বাচনের পর থেকে ইরাকে সবচেয়ে ভয়াবহ এই সহিংস ঘটনায় ৪২ জন লোক প্রাণ হারায়। বৃহস্পতিবারে বোমা হামলার ঘটনাটি ইরাকে চলতি বছরের সর্বশেষ সহিংস ঘটনা। এ বছর দেশটিতে সহিংস ঘটনায় ৩ হাজার ৩শ’ লোকের বেশী প্রাণ হারায়।