পৃথক দুর্ঘটনায় নিহত আট

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৩৯
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ পৃথক দুর্ঘটনায় আটজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গোবিন্দগঞ্জে ট্রাক চালক নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (২৮) নামে এক ট্রাক চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। হাইওয়ে থানার ওসি জানান, গোবিন্দগঞ্জের চাপড়ীগঞ্জ এলাকায় স্পীডব্রেকার পারাপারের জন্য সামনের ট্রাক গতি কমালে পেছনের ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নিহত হন। ট্রাক দুইটি আটক রয়েছে। ঝিনাইগাতীতে বৃদ্ধা নিহত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেঁতুল তলা বাজারে গত বুধবার রাত ৯টায় সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় আজেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা যান।ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান জানান, লেগুনার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় জাইদুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টায় একটি ট্রাক বাইসাইকেল আরোহী জাইদুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকটি আটক হলেও চালক পলাতক রয়েছে। সিংড়ায় একজন নিহত নাটোরের সিংড়ার তাজপুর এলাকায় গত বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় পারভেজ (১৯) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, নাজমা বেগম, মহসীন আলী, বুলি, রুবেল ও হেলাল। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় ভটভটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। ফেনীতে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু ফেনীর ফাজিলপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. এছহাক (৫০) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। ফেনী রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এছহাক আউটার সিগনালে কাজ করার সময় ট্রেনে ধাক্কা লেগে রেল লাইনের পাশে পড়ে যায়। ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। ভালুকায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে কামরুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। কামরুল মত্স্য খামারে পানি সেচের মোটর ফিটিং করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বড়াইগ্রামে একজনের লাশ উদ্ধার নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোলে গতকাল বৃহস্পতিবার বাপ্পী (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা ও নিহতের পরিবার জানায়, পারিবারিক কলহের জের ধরে বাপ্পী সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর মৃত্যু বাহ্মণবাড়িয়া শহরে গত বুধবার রাত ৮টায় সেফটি ট্যাংকিতে পড়ে সিনহা (৪) নামের এক শিশু মারা গেছে। হালদারপাড়ায় সাবেরা সোবহান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করীমের নির্মাণাধীন বাড়ির ট্যাংকি থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। নিহতের খালাতো ভাই রাসেল জানান, বিকালে খেলাধুলা করতে গিয়ে সে নিখোঁজ হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।