একুশের প্রথম কবি মাহবুব উল আলম চৌধুরী সম্মাননা পেলেন কবি মুহম্মদ নুরুল হুদা, ভারতের নজরুল গবেষক কবি সৈয়দ হাসমত জালাল ও কণ্ঠশিল্পী কনকচাঁপা। সৃজনশীল সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ির ২৭ বছর পূর্তিতে তাদের এ সম্মাননা জানানো হয়। বর্ষপূতি উপলক্ষে সংগঠনটি কথা, কবিতা, নৃত্য ও গানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্বপ্নকুঁড়ির এবারের আয়োজন উত্সর্গ করা হয় সদ্যপ্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বশির আহমেদকে। তার সুর ও গানে সাজানো হয় গোটা আয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বর্তমানের যুগ্ম-সম্পাদক কবি নাসির আহমেদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও বক্তব্য রাখেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, শিল্পী কনকচাঁপা ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পী বুলবুল মহলানবীশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নকুঁড়ির সভাপতি কবি হাসান মাহমুদ।
শুরুতেই শিল্পী বশির আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন। পরে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় সংবর্ধিতদের হাতে। সংবর্ধনা শেষে শুরু হয় বশির আহমেদ স্মরণ। বক্তারা তাদের বক্তব্যে বশির আহমেদের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা ও সম্মাননা পর্ব শেষে ছিল বশির আহমেদের গানের পরিবেশনা।
বিডি সাইক্লিস্ট এর তিন বছর পূর্তিতে প্রদর্শনী :কংক্রিটের নগরীতে বাস আর প্রাইভেট কারের দৌরাত্ম কমাতে ঢাকার তরুণরা প্রকৃতিকে বাঁচাতে সাইকেল চালানো শুরু করে প্রকৃতির সান্নিধ্য উপভোগ ও শরীরকে সু্স্থ রাখাও ছিল তাদের উদ্দেশ্য। তিন বছরে সেই সংগঠনটির সদস্য এখন কয়েক হাজার। সাইকেল চালকদের সংগঠন বিডি সাইক্লিস্ট তাদের প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে দৃক গ্যালারিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। সাইকেলকে কেন্দ্র করে মজার মজার সব স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
বৃহস্পতিবার ‘পরিবর্তনের তিন বছর’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা আলী যাকের। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর থিম ছিল ‘সাইকেল এবং বাংলাদেশ’। ২৮ জন আলোকচিত্রীর ৫৬টি আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসাবে সাইকেল র্যালির আয়োজন করেছে সংগঠনটি। মানিক মিয়া এভিনিউতে আজ শুক্রবার সকাল সাতটায় এ ঢাক- ঢোলসহ বর্ণিল সাজে সেজে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
জয়নুল গ্যালারিতে অংকন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক প্রদর্শনী :ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে অংকন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক চিত্রকলা প্রদর্শনী-২০১৩। বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
স্বর্ণযুগের চলচ্চিত্র উত্সব :বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী স্বর্ণযুগের চলচ্চিত্র উত্সব শুরু। বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র গবেষক ড. অনুপম হায়াত্ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক এ এম মোতাহের হোসেন ও মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।
শিল্পী অলোকেশ ঘোষের জল রঙের কর্মশালা :শিল্পী অলোকেশ ঘোষ বাংলাদেশের সমসাময়িক শিল্প-পরিমন্ডলে পরিচিত ল্যান্ডস্কেপ আর্টিস্ট হিসেবে। শিল্পী প্রায় চার দশক ধরে এদেশের বিস্তীর্ণ অঞ্চলের মাঠঘাট, নদী, পাহাড়, সাগর, গ্রাম-শহর এবং অঞ্চলকেন্দ্রিক সাংস্কৃতিক-সামাজিক জীবনের দলিল চিত্রায়ণ করে চলেছেন। জলরঙে রয়েছে তার মুনশিয়ানা। রাজধানীর মালিবাগের গ্যালারি কসমসে বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিনদিনের এই কর্মশালা। এতে অতিথি ছিলেন শিল্পী বীরেন সোম। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
কথা ও কবিতায় ‘সতত ডানার মানুষ’ :ব্যতিক্রমধর্মী কবি সিকদার আমিনুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে ‘সতত ডানার কবি’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মিনার মনসুর।
