সাবেক উপ-সচিব নেয়ামত উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০১:০৬

জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে সাবেক উপ-সচিব নেয়ামত উল্লাহ ভুঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত দুটায় ধানমন্ডির ৯/এ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গতকাল রাতে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব।

র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সাইবার অপরাধ সংক্রান্ত একটি ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেফাজতে আনা হয়েছে। বিভিন্ন আন্দোলনের সময় মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সব বিষয় তদন্ত করা হচ্ছে।

গতকাল নেয়ামত উল্লাহ ভুঁইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।  ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর নেয়ামত উল্লাহ ভুঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপ-সচিব হিসাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।