২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৪ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণির ভর্তি ফরম উত্তোলন ও জমা দেয়া যাবে। আর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২২ জুন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত এক সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান। ওই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করেন।
নীতিমালা অনুযায়ী, এসএসসির ফল প্রকাশের পর পুনঃপরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির শেষ তারিখ ৩০ জুন এবং ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। এছাড়া বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ২২ জুলাই। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবারও কোনও ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
